নিউজ পোল ব্যুরো: নির্বাচনী ময়দানে ফের জনমুখী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রবিবারের এক জনসভা থেকে একাধিক নতুন প্রকল্প ও প্রতিশ্রুতির ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান (Mamata Banerjee), ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আদলে এবার রাজ্যজুড়ে চালু করা হবে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ির কাছেই পৌঁছে যাবে প্রাথমিক চিকিৎসা পরিষেবা। ফলে গ্রামাঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। কৃষকদের জন্যও একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, আলু চাষিদের জন্য ইতিমধ্যেই বিমা ও ক্ষতিপূরণের ব্যবস্থা চালু রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বন্যার সময় রাজ্যকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হয় না।
মাছ উৎপাদনের ক্ষেত্রেও রাজ্যের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতির বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী দিনে প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রাজ্যে আর কোনও কাঁচা বাড়ি থাকবে না সব ঘরই ধীরে ধীরে পাকা বাড়িতে রূপান্তরিত করা হবে বলে জানান তিনি। সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন কার্যকর করার প্রসঙ্গও ফের তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং ‘যুবসাথী’দের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, ভোটের সময় সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকায় নানা সমস্যা তৈরি হয় এবং বিরোধী দল ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, অচেনা কারও কাছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য শেয়ার না করতে। বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, তারা বিভাজনের রাজনীতি করে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে না। প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার বিষয়ে জোর দেন। সবশেষে তিনি জনগণের উদ্দেশ্যে আবেদন জানান – প্রার্থী নয়, উন্নয়ন ও কাজের ভিত্তিতেই ভোট দিন। তার কথায়, “২৯৪টি আসনেই আমিই প্রার্থী।”
