নিউজ পোল ব্যুরো:লোকসভা নির্বাচনের প্রাক্কালে হুগলির রাজনৈতিক আবহ উত্তপ্ত করে তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা (Rekha Gupta Purshurah rally)। পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি সরাসরি শাসকদলের বিরুদ্ধে কৃষকদের স্বার্থ হরণের অভিযোগ আনেন। প্রচার চলাকালীন স্থানীয় কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি আক্ষেপের সুরে জানান যে, পথে আসার সময় তিনি দেখেছেন চাষিরা ঘরে ঘরে বিপুল পরিমাণ আলু মজুত করে রেখেছেন। হাড়ভাঙা খাটুনি আর জীবন-মরণ পণ করে ফসল ফলিয়েও প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, অথচ অসাধু ব্যবসায়ী ও ফড়েরা মুনাফা লুটে নিচ্ছে। কৃষকদের এই বঞ্চনার জন্য তিনি রাজ্য সরকারের নীতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকেই দায়ী করেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/04/12/asha-bhonsle-passes-away-indian-music-legend-news/
রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে রেখা গুপ্তা (Rekha Gupta Purshurah rally) অভিযোগ করেন যে, বিগত ১৫ বছর ধরে এক ভীতিপ্রদ পরিবেশের মধ্য দিয়ে সাধারণ মানুষকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং চারিদিকে এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন। কর্মসংস্থানের অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার ফলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে বলে উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে সাধারণ মানুষকে ‘পদ্মফুল’-কে হাতিয়ার করার আহ্বান জানান। মা কালী, মা দুর্গা ও মা লক্ষ্মীর আগমনীর বার্তা দিয়ে তিনি জনগণকে পরিবর্তনের লড়াইয়ে শামিল হওয়ার ডাক দেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
নির্বাচনী বৈতরণী পার হতে এদিন বড়সড় জনমোহিনী প্রতিশ্রুতিও দেন এই নেত্রী। তিনি ঘোষণা করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের মাসিক ৩ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। পাশাপাশি, নারী ক্ষমতায়নের পথে বড় পদক্ষেপ হিসেবে সমগ্র রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে করার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, এদিন আরামবাগে হেলিকপ্টারে অবতরণ করার পর প্রায় ২৫ কিলোমিটার পথ বাইকে চড়ে বেনেপুকুরে পৌঁছান তিনি। নিমডিঙি থেকে বেনেপুকুর পর্যন্ত আয়োজিত ‘মাতৃমণ্ডলীর পদযাত্রা’য় তাঁর উপস্থিতি স্থানীয় কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
