Rahul Gandhi : রায়গঞ্জে ভোটপ্রচারে আরজি কর থেকে বেকার ভাতা, একাধিক ইস্যুতে মমতাকে তোপ রাহুল গান্ধীর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: জাতীয় রাজনীতিতে একদিকে যেখানে বিরোধী দলগুলি অনেক সময় একসঙ্গে সমন্বয় রেখে চলার বার্তা দেয়। অন্যদিকে ভোটের আগে সেই সমীকরণই দ্রুত বদলে যেতে দেখা যায়। এমনই পরিস্থিতি সামনে এল পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে (West Bengal Assembly Election)। কয়েকদিন আগেই এসআইআর (SIR) ইস্যুতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে কংগ্রেস ও তৃণমূল একসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল। তবে সেই একতা খুব বেশি দিন স্থায়ী হল না। নির্বাচনী প্রচারে এসে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ করেন।

আরও পড়ুন: West Bengal HS Result : নির্বাচনের জেরে পিছলো উচ্চমাধ্যমিকের ফল! মে-র দ্বিতীয় সপ্তাহেই প্রকাশের সম্ভাবনা

মঙ্গলবার রায়গঞ্জে (Raiganj) কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে এসে রাহুল গান্ধী (Rahul Gandhi) রাজ্যের একাধিক ইস্যু তুলে ধরেন। তিনি আরজি কর কাণ্ড (RG Kar Case) প্রসঙ্গ টেনে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, ওই ঘটনার সময় তৃণমূলের সঙ্গে যুক্ত কিছু দুষ্কৃতীর ভূমিকা ছিল এবং সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। এর পাশাপাশি রাজ্যের বেকারত্ব ও কর্মসংস্থান নিয়েও সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার বেকারদের জন্য ভাতা দিলেও বাস্তবে কর্মসংস্থানের পরিস্থিতি যথেষ্ট দুর্বল। তার বক্তব্য অনুযায়ী, রাজ্যে লক্ষ লক্ষ যুবক-যুবতী ভাতার ওপর নির্ভরশীল হলেও প্রকৃত চাকরির সুযোগ সীমিত। শিল্প পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন কংগ্রেস নেতা। তিনি দাবি করেন, একসময় বাংলা শিল্পের কেন্দ্র হলেও প্রথমে বামফ্রন্ট সরকার এবং পরে তৃণমূল সরকার রাজ্যের শিল্পক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ কমে গেছে বলে তার অভিযোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রাহুল (Rahul Gandhi) আরও বলেন, রাজ্যে রাজনৈতিক হিংসা ও দুষ্কৃতী রাজনীতি কংগ্রেস কর্মীদের ওপর প্রভাব ফেলছে। তার মতে, এই পরিস্থিতির কারণে বিরোধী শক্তিগুলোর কাজ করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি তিনি ইঙ্গিত করেন, তৃণমূলের শাসনকালেই বিজেপি (BJP)-র রাজনৈতিক বিস্তার সহজ হয়েছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে বিরোধী ঐক্যের কথা, অন্যদিকে ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে দূরত্ব রাজ্য রাজনীতির সমীকরণ আবারও জটিল হয়ে উঠছে।