West Bengal HS Result : নির্বাচনের জেরে পিছলো উচ্চমাধ্যমিকের ফল! মে-র দ্বিতীয় সপ্তাহেই প্রকাশের সম্ভাবনা

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের আবহে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আপাতত স্থগিত রাখার ইঙ্গিত মিলেছে সংসদ সূত্রে। এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ফলাফল ঘোষণা করা হতে পারে (West Bengal HS Result)। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে, তারপরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ফলপ্রকাশ ঘিরে এসেছে বড় পরিবর্তন। শিক্ষাব্যবস্থায় চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি, যা আগে ছিল না। এই নতুন ব্যবস্থায় শিক্ষাবর্ষে দু’বার করে পরীক্ষার ফল প্রকাশ করা হবে (West Bengal HS Result)। এর ফলে ছাত্রছাত্রীদের ওপর একবারে বার্ষিক পরীক্ষার অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। শিক্ষামহলের মতে, এই পদ্ধতি পড়াশোনাকে আরও ধারাবাহিক ও সহজ করে তুলবে।

আরও পড়ুন: Supreme Court : NIA-র সম্মতিতে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় জানতে চায় শীর্ষ আদালত

সংসদের নির্ধারিত নিয়ম অনুযায়ী, মাধ্যমিকের ফলাফল আগে প্রকাশিত হওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া শেষ হলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ শুরু হবে। বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বিভিন্ন মূল্যায়ন কেন্দ্রে শিক্ষকরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা যায়। তবে নির্বাচনের কারণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বহু শিক্ষক ও সরকারি কর্মী নির্বাচনী দায়িত্বে নিযুক্ত থাকায় মূল্যায়ন ও প্রশাসনিক কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। এই কারণেই ফলপ্রকাশের সম্ভাব্য সময় মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঠেলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সূত্রের খবর, যদি মে মাসের ৭ বা ৮ তারিখের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা যায়, তাহলে তার ২ থেকে ৩ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা সম্ভব। ফলে ছাত্রছাত্রীদের অপেক্ষার সময় খুব বেশি দীর্ঘ হবে না বলেই আশা করা যাচ্ছে। নতুন সেমিস্টার পদ্ধতি ও এই সংশোধিত সূচি রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিশা দেখাবে বলে ধারণা শিক্ষকদের। এখন সব চোখ ফলপ্রকাশের দিকে, আর ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পরিশ্রমের ফল জানার জন্য (West Bengal HS Result)।