নিউজ পোল ব্যুরো: বিরোধী দলের তরফে ভোটচুরি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দাবি করলেন, দেশের একাধিক রাজ্যে সংগঠিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর নির্বাচন কমিশন (Election Commission) বিষয়টি জেনেও নীরব। কর্নাটকের (Karnataka) অলন্দ লোকসভা কেন্দ্র থেকে শুরু করে উত্তরপ্রদেশ (Uttarpradesh), মহারাষ্ট্র (Maharashtra) ও হরিয়ানায় (Haryana) লক্ষাধিক ভোটার, বিশেষত দলিত, আদিবাসী ও কংগ্রেস-সমর্থকদের লক্ষ্য করেই এই ‘ডিলিশন অপারেশন’ চালানো হচ্ছে বলে অভিযোগ তার।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্য অনুযায়ী, কর্নাটকের (Karnataka) অলন্দ কেন্দ্রে ৬,০১৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। এর পিছনে রয়েছে একটি সুসংগঠিত চক্র, যারা বাইরের রাজ্য থেকে সফ্টওয়্যার, কল সেন্টার এবং ভুয়ো নম্বর ব্যবহার করে এই অপারেশন চালিয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি কিছু নির্দিষ্ট নম্বর এবং প্রযুক্তিগত তথ্যও প্রকাশ্যে আনেন, যা এই ভোটচুরির সঙ্গে জড়িত থাকার দাবি করেছেন তিনি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় বলে রাহুলের (Rahul Gandhi) অভিযোগ, নির্বাচন কমিশন এই অভিযোগের প্রতিক্রিয়ায় কার্যত নীরব। তার দাবি, কর্নাটক পুলিশের (Karnataka Police) সিআইডি গত ১৮ মাসে নির্বাচন কমিশনকে অন্তত ১৮টি চিঠি দিয়েছে, যেখানে অভিযুক্তদের মোবাইল নম্বর, সফ্টওয়্যার, আইপি অ্যাড্রেস ও ওটিপি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু কমিশন সেই তথ্য দিতে ব্যর্থ হয়েছে। রাহুলের কটাক্ষ, “যারা গণতন্ত্রকে হত্যা করছে, নির্বাচন কমিশন আজ তাদের রক্ষাকবচ হয়ে উঠেছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটচুরির এই ষড়যন্ত্র ফাঁস হলে কেবল নাম নয়, পুরো মাথাটাই সামনে চলে আসবে।” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখন রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি কি আদৌ রক্ষা করা হচ্ছে?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
