ED: দ্বিতীয়বার ইডি তলব এড়িয়ে গেলেন ঋষি রাজ, আজও দিল্লিতে গরহাজির আইপ্যাক ডিরেক্টর

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজ্যে নির্বাচনের আবহে রাজনৈতিক কৌশল সংস্থা আইপ্যাক-কে ঘিরে তদন্তে নতুন গতি এনেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবিবার গভীর রাতে সংস্থার অন্যতম ডিরেক্টর ঋষি রাজ-কে জরুরি ভিত্তিতে তলব করা হয়। সোমবার দিল্লির দপ্তরে হাজির থাকার নির্দেশ থাকলেও তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হননি। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো ইডির (ED) সমন এড়ালেন তিনি, যা তদন্তের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্রের খবর, আইপ্যাকের (I-pac) বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সন্দেহজনক লেনদেনের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে এই মামলায় সংস্থার আরেক ডিরেক্টর ভিনেশ চান্দেল-কে গ্রেপ্তার করেছে ইডি, যার পরেই তদন্তের পরিধি আরও বিস্তৃত হয়েছে। সেই সূত্রেই ঋষি রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে তাঁর অনুপস্থিতি নতুন করে জটিলতা তৈরি করেছে।

আরও পড়ুন: Himanta Biswa Sarma: ‘একটা গুলির জবাবে চলবে দুটো’, হিমন্তের হুঙ্কারে রাজনৈতিক পারদ তুঙ্গে, সরব তৃণমূল

ইডির (ED) অন্দরে এখন আলোচনা চলছে, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তাঁকে কি আবারও সমন পাঠানো হবে, নাকি আইনি পথে এগিয়ে আদালতের দ্বারস্থ হবে সংস্থা তা নিয়ে জল্পনা বাড়ছে। তদন্তকারীদের মতে, একাধিকবার সমন এড়ানো হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন, এই পদক্ষেপ কি শাসকদলের কৌশলগত মস্তিষ্কে চাপ সৃষ্টি করার প্রচেষ্টা? তাঁর মতে, সময়টা নির্বাচনের আগে হওয়ায় গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগও উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole