নিউজ পোল ব্যুরো: বিশ্বের ব্যবসায়িক মানচিত্রে এক উজ্জ্বল নাম, ব্রিটেনের মাটিতে বসে ভারতের জন্য বুক ধকধক করা এক মন, শিল্পপতি, সমাজসেবক এবং ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ ‘হাউস অফ লর্ডস’-এর গর্ব—এই বহুস্তর পরিচয়ের মানুষ লর্ড স্বরাজ পল (Swaraj Paul) আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার লন্ডনের (London) এক হাসপাতালে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপ্রধান থেকে রাজ্যনেতা, শিল্পজগত থেকে সমাজসেবা মহল—সকলেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শোকবার্তায় উঠে এসেছে তার অবদান ও প্রভাবের গভীরতা
আরও পড়ুন: S Jaishankar: ‘আমরা মাথা নত করি না’,মস্কোয় দাঁড়িয়ে আমেরিকাকে সাফ বার্তা জয়শঙ্করের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “লর্ড স্বরাজ পালের (Swaraj Paul) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। শিল্পক্ষেত্র ও সমাজসেবায় তার অবদান আন্তর্জাতিক পরিসরেই প্রশংসিত। ভারতের সঙ্গে তার অটুট সম্পর্ক ও দায়বদ্ধতা সত্যিই অনন্য। আমাদের মাঝে একাধিকবার হৃদয় থেকে হৃদয়ে আলোচনা হয়েছে, যা আজও স্মৃতিতে অমলিন। তার এই চলে যাওয়ায় এক বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা হারালাম। আমি তার পরিবারের সদস্য এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।”
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ শোকবার্তা জ্ঞাপন করে লিখেছেন, “লর্ড স্বরাজ পলের (Swaraj Paul) প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন একজন প্রখ্যাত শিল্পপতি, সফল ব্যবসায়ী ও সমাজসেবী। কলকাতার সঙ্গে তার গভীর আত্মিক যোগাযোগ ছিল। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম এবং তার স্নেহ-ভালবাসা পেয়েছি। বাংলার উন্নয়নের জন্য আমরা একাধিকবার একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। তার মতো মানুষের প্রস্থানে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি—স্বরাজজির আত্মা চিরশান্তি লাভ করুন।”
পাঞ্জাবের (Punjab) জলন্ধরে জন্ম, সেখানেই শৈশব ও শিক্ষাজীবন। কিন্তু ১৯৬৬ সালে কন্যা অম্বিকার চিকিৎসার প্রয়োজনে পাড়ি দেন ব্রিটেনে। দুর্ভাগ্যবশত মেয়েকে হারালেও, ব্রিটেনে থেকেই শুরু করেন নতুন এক অধ্যায়—‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’-এর হাত ধরে ব্যবসায়িক সাফল্যের শিখরে পৌঁছন তিনি। তবে শুধু শিল্পোদ্যোগ নয়, সমাজসেবায়ও তার ছিল সমান অবদান। লন্ডনের (London) চিড়িয়াখানা রক্ষার আন্দোলন থেকে স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।
ভারতীয় রাজনীতির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুখের সঙ্গেই ছিল তার ব্যক্তিগত সম্পর্ক। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ভারত ছিল তার হৃদয়ের কাছাকাছি। একসময় পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করেছিলেন। তার সংস্থা ক্যাপারো গ্রুপ বাংলায় বিনিয়োগের পরিকল্পনায় উদ্যোগী হয়েছিল, যা প্রমাণ করে তার ভারত-প্রেম ও উন্নয়নচিন্তা। স্বরাজ পলের পরিচয় শুধু একজন ব্যবসায়ী হিসেবেই ছিল না। তিনি ছিলেন এক স্বপ্নদ্রষ্টা, যিনি সীমান্তের বাইরেও দেশের সম্মানকে উঁচুতে তুলে ধরেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
