Arabul Islam: আরাবুলের গাড়িতে হামলা, বাঁশ-লাঠি নিয়ে ব্যাপক ভাঙচুর, রণক্ষেত্র ক্যানিং

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের প্রচারের উত্তেজনার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে হিংসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রচারে যাওয়ার সময় আইএসএফ নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে, যখন তিনি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রচারে যাচ্ছিলেন।

আরও পড়ুন:West Bengal Election 2026: দু’দিন বাইক চালানোয় নিষেধাজ্ঞা! তবে জরুরি এই ৩ কাজে মিলবে ছাড়, জেনে নিন খুঁটিনাটি

অভিযোগ অনুযায়ী, একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হয়। হামলার সময় গাড়ির ভেতরেই উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। আক্রমণকারীরা গাড়ির কাচ ভেঙে ফেলে এবং ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। হামলার মুখে আইএসএফ কর্মীরা তাঁকে ঘিরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি দলের কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে আইএসএফ সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর চৌমাথায় পথ অবরোধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ চলে। সেখানে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম (Arabul Islam) এবং তাঁর পুত্র হাকিমুল ইসলামও। বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আরাবুল ইসলামের দাবি, এলাকায় বিরোধী প্রার্থীদের ভোট করতে দেওয়া হয় না এবং পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তাঁর কথায়, “আমাকে খুন করার চেষ্টা হয়েছে। হামলাকারীদের হাতে অস্ত্র ছিল।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla) পাল্টা বলেন, এই ঘটনা সম্পূর্ণ নিন্দনীয় হলেও আরাবুল ইসলামের বিরুদ্ধে সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগও রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole