নিউজ পোল ব্যুরো:দীর্ঘদিন ধরে নীল-সাদা আলোর সাজেই রাজ্য সচিবালয় ‘নবান্ন’-কে দেখে অভ্যস্ত ছিল বাংলার মানুষ। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর সরকার বদলের আবহে এবার বদলে গেল নবান্নের চেনা ছবিও। রবিবার সন্ধ্যায় গেরুয়া আলোকসজ্জায় (Nabanna Saffron Lighting) সেজে উঠল হাওড়ার গঙ্গার ধারে অবস্থিত রাজ্য সচিবালয় ভবন। দূর থেকেও সেই আলোর ঝলক স্পষ্ট নজরে আসে সাধারণ মানুষের চোখে।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/05/10/nabanna-security-review-before-suvendu-adhikari-first-meeting/
সন্ধ্যা নামতেই গোটা নবান্ন চত্বর গেরুয়া আলোয় (Nabanna Saffron Lighting) আলোকিত হয়ে ওঠে। বিদ্যাসাগর সেতু ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ সচিবালয়ের এই নতুন রূপ দেখতে ভিড় জমান। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পথচলতি মানুষের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি সরকার গঠনের পর প্রশাসনিক পরিবেশের পরিবর্তনের প্রতীক হিসেবেই এই গেরুয়া আলোকসজ্জাকে দেখা হচ্ছে। এতদিন নীল-সাদা পরিচয়ে পরিচিত নবান্ন এবার নতুন রঙে সেজে ওঠায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চাও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
এদিকে সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ৯টায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর দেড়টায় বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি।
পাশাপাশি বিকেল ৪টেয় জেলাশাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক এবং বিকেল ৫টায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এই ম্যারাথন বৈঠক ঘিরে রবিবার থেকেই নবান্নে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা নিজে নবান্নে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সোমবার মুখ্যমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় নিরাপত্তা পর্যালোচনা করতেই তিনি সেখানে গিয়েছিলেন। পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে বলে জানান কমিশনার।
