Cockroach Janta Party: মিম থেকে ‘মুভমেন্ট’? কেন্দ্রের নজরে CJP, X-এ অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো(নয়াদিল্লি): সোশ্যাল মিডিয়ার ব্যঙ্গ, মিম আর রাজনৈতিক কটাক্ষ— এই তিনকে হাতিয়ার করেই কয়েক মাসে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল ‘Cockroach Janta Party’ বা সিজেপি। কিন্তু এবার সেই ভার্চুয়াল জনপ্রিয়তাই পৌঁছে গেল দেশের নিরাপত্তা সংস্থার নজরে।

শুধুমাত্র সরকারবিরোধী ব্যঙ্গ বা অনলাইন ট্রোলিংয়ের গণ্ডি পেরিয়ে এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক অস্থিরতা বা সংগঠিত ডিজিটাল আন্দোলনের মাধ্যম হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই ‘জাতীয় নিরাপত্তা’ সংক্রান্ত উদ্বেগের ভিত্তিতে কেন্দ্রের তরফে X (সাবেক টুইটার)-কে ভারতে সিজেপি-র হ্যান্ডেল ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

মূলত বেকারত্ব, মূল্যবৃদ্ধি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক বিতর্ক ঘিরে ধারালো মিম ও স্যাটায়ারের মাধ্যমে পরিচিতি পায় এই অনলাইন প্ল্যাটফর্ম। খুব কম সময়ের মধ্যেই বহু তরুণ নেটিজেনের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে সিজেপি-র পোস্ট ও ভিডিও। রাজনৈতিক ভাষণের বদলে মিম-সংস্কৃতিকে হাতিয়ার করেই তারা নিজেদের আলাদা পরিচিতি তৈরি করে।

একাংশের দাবি, এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম অনেক সময় শুধুমাত্র ব্যঙ্গের জায়গায় আটকে থাকে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনমত প্রভাবিত করা, সংগঠিত ক্ষোভ তৈরি করা কিংবা বিদেশি প্রভাব খাটানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণেই সিজেপি-র ডিজিটাল কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিল বলে সূত্রের খবর।

যদিও বিষয়টি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। মতপ্রকাশের স্বাধীনতা বনাম জাতীয় নিরাপত্তা— এই দুই প্রশ্ন ফের সামনে চলে এসেছে। নেটিজেনদের একাংশের দাবি, ব্যঙ্গাত্মক কনটেন্ট বা রাজনৈতিক মিমকে “নিরাপত্তা ইস্যু” হিসেবে দেখা গণতান্ত্রিক পরিসরের জন্য উদ্বেগের। অন্যদিকে কেন্দ্রীয় মহলের বক্তব্য, ডিজিটাল প্ল্যাটফর্মের আড়ালে সংগঠিত বিভ্রান্তি বা অস্থিরতার সম্ভাবনা থাকলে তা খতিয়ে দেখা জরুরি।
বর্তমানে X-এর তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই রাজনৈতিক ব্যাঙ্গাত্মক (Satirical) প্ল্যাটফর্মটি সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল, যে কারণে সরকার এই পদক্ষেপ নেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole