Abhishek Banerjee:‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চলছে!’ মোদী সরকারকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন হামলার মুখে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ, ইট, ডিম ও জুতোর আঘাত থেকে শুরু করে শারীরিক হেনস্থার পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় ভেঙে যায় তাঁর চশমা, বুকে ও পিঠে আঘাত লাগে বলে জানা যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আরও পড়ুন:Samik Bhattacharya:‘অভুক্তদের ক্ষোভের বহিঃপ্রকাশ, বিজেপির কোনও ভূমিকা নেই’ অভিষেকের ওপর হামলা ঘিরে বিস্ফোরক শমীক ভট্টাচার্য!

এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধী এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, একজন সাংসদের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং তা জনগণের রায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। একইসঙ্গে তিনি এই ঘটনাকে বিজেপির “বদলার রাজনীতি”-র অংশ হিসেবে আখ্যা দিয়ে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের কাছেই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাহুল গান্ধীর এই মন্তব্যের পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি ইন্ডিয়া জোটের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিজের পোস্টে অভিষেক লেখেন, রাজনৈতিক হিংসা ও চাপের মুখেও তাঁকে দমিয়ে রাখা যাবে না। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের অভ্যন্তরেও ভিন্ন মত দমন করার প্রবণতা বাড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো হলেও গণতন্ত্র রক্ষার লড়াই থেকে তিনি পিছু হটবেন না। তাঁর মতে, যারা প্রশ্ন তোলে তাদের টার্গেট করা হচ্ছে, আর যারা সমর্থন করে তারা সুবিধা পাচ্ছে—এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

শেষে অভিষেক স্পষ্ট করেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণের ইচ্ছাই চূড়ান্ত। তিনি জানান, ভয়, ঘৃণা ও হিংসার রাজনীতির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোট ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কলকাতার উপকণ্ঠে একজন হেভিওয়েট সাংসদের ওপর এই হামলা এবং পরবর্তীতে রাহুল–অভিষেকের এই রাজনৈতিক বার্তা রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করা হচ্ছে।