আমেরিকা নয়, আগে লাইন দিন SSKM-এ! চোখের চিকিৎসা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেককে নজিরবিহীন নির্দেশ বিচারপতির

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ডিজে মন্তব্য মামলায় বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত চোখের চিকিৎসার জন্য তাঁর আমেরিকা যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশযাত্রার আগে তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষা করাতে হবে।

সোমবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট প্রশ্ন তোলেন, অভিষেকের চোখের সমস্যার জন্য কলকাতার কোনো নামী চক্ষু হাসপাতাল বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের পরামর্শ আগে নেওয়া হয়েছিল কি না। বিচারপতি নির্দেশ দেন, যদি এমন কোনো গুরুতর সমস্যা থেকে থাকে যার চিকিৎসা কলকাতায় সম্ভব নয়, তবে সবার আগে অভিষেককে এসএসকেএম (SSKM) হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে। সেখানে চোখ পরীক্ষা করানোর পর সেই বিশেষজ্ঞ রিপোর্ট ও মতামত আদালতে জমা দিতে হবে।

এসএসকেএম হাসপাতালের সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই আদালত সিদ্ধান্ত নেবে যে তৃণমূল সাংসদের সত্যিই বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কি না। হাইকোর্ট জানিয়েছে, বিদেশ যাওয়ার এই অনুমতির আবেদন নিয়ে আগামী আগস্ট মাসে পরবর্তী শুনানি হবে। অর্থাৎ, আদালতের গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত এখনই আমেরিকার বিমান ধরতে পারছেন না ডায়মন্ড হারবারের সাংসদ। আইনি জটিলতার জেরে আপাতত কলকাতার হাসপাতালেই চিকিৎসকদের দ্বারস্থ হতে হচ্ছে ভাইপোকে ।