কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। একুশের সমাবেশের সময়ই তিলোত্তমা জুড়ে নামতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি!

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো:  ২১ জুলাইয়ের এই মেগা দিনে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার স্পষ্ট বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। একুশের সমাবেশের ব্যস্ততার মাঝেই তিলোত্তমা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতায় হালকা পশলা বৃষ্টি দেখা গেলেও, মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দিনভর কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, তার সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবারও আশঙ্কা রয়েছে। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি—যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামেও আজ বৃষ্টির জোর দাপট দেখা যেতে পারে।

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খানিকটা আশঙ্কাজনক। চলতি বর্ষায় উত্তরবঙ্গে টানা যে দুর্যোগ চলছে, ২১ জুলাইতেও তা থামার কোনো লক্ষণ নেই। হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’ (Orange Alert)। পাহাড়ি অঞ্চল ও নিম্নাঞ্চলে জল জমে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে আজ একুশে জুলাইয়ের দিনটিতে একদিকে যেমন জনসভার চড়তে থাকা রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে তেমনই প্রকৃতিও মুষলধারে ধুয়ে দিতে প্রস্তুত গোটা বাংলাকে।