Yash Dasgupta: ‘পাঁচ বছর যেন নির্বাসনে ছিলাম’! টলিউডে বঞ্চনার অভিযোগে বিস্ফোরক যশ দাশগুপ্ত

পেজ 3

নিউজ পোল ব্যুরো: এক সময় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ হলেও রাজনৈতিক পরিচয়ের কারণে নানা বাধার মুখে পড়তে হয়েছিল বলে দাবি করলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার নতুন করে কাজের পরিবেশ তৈরি হবে বলেই আশাবাদী তিনি। সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহের এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি তুলে ধরেন অভিনেতা।

আরও পড়ুন: Dev: নতুন সরকারের উপর আস্থা রাখছেন দেব, বললেন— ‘এক মাসে সব বদলে যাবে ভাবা ঠিক নয়’

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন যশ (Yash Dasgupta)। চণ্ডীতলা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। যদিও নির্বাচনে জয় পাননি। সেই সময় তাঁর স্ত্রী নুসরত জাহান ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। কিন্তু রাজনৈতিক মতাদর্শের পার্থক্য যে তাঁর পেশাগত জীবনে প্রভাব ফেলেছিল, সে অভিযোগই তুলেছেন যশ।

অভিনেতার দাবি, গত কয়েক বছরে টলিউডের বহু অনুষ্ঠান থেকেই তাঁকে দূরে রাখা হয়েছিল। তাঁর কথায়, “দিনের পর দিন কোথাও ডাক পাইনি। পুজোর সময় ফিতে কাটার আমন্ত্রণ পর্যন্ত আসেনি। ছবি করার ক্ষেত্রেও নানা চাপের মুখে পড়তে হয়েছে।”

যশ জানান, নায়ক হিসেবে নিজের জায়গা ধরে রাখতে বাধ্য হয়েই প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু সেখানেও সমস্যার শেষ ছিল না। তাঁর অভিযোগ, প্রেক্ষাগৃহ পাওয়া কঠিন হয়ে উঠেছিল, এমনকি সরকারি প্রেক্ষাগৃহ নন্দনেও ছবি প্রদর্শনের সুযোগ মেলেনি। তিনি আরও বলেন, “যাঁরা শাসকদলের ঘনিষ্ঠ ছিলেন, তাঁরাই কাজ পেতেন, সুযোগ পেতেন।”

শুধু নিজের অভিজ্ঞতাই নয়, ইন্ডাস্ট্রির নতুন শিল্পীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যশ। তাঁর দাবি, রাজনৈতিক অবস্থানের কারণে প্রবীণ শিল্পীদের যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে নতুনদের পক্ষে পথ চলা আরও কঠিন হয়ে ওঠে।

এক সময় নারদা-কাণ্ডকে কেন্দ্র করে একটি ছবি তৈরির পরিকল্পনাও করেছিলেন তিনি। অভিনেতা রুদ্রনীল ঘোষের সমর্থনও পেয়েছিলেন। কিন্তু এমন বিষয় নিয়ে কাজ না করার অলিখিত বার্তা পেয়েছিলেন বলেও অভিযোগ যশের।

তবে রাজ্যে বিজেপি সরকার এসেছে বলেই তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবেন, এমনটা নয়। বরং তাঁর বক্তব্য, এখনই রাজনৈতিক সুবিধাবাদীর তকমা নিতে চান না। যশ বলেন, “আমি শুধু চাই শান্তিপূর্ণ ভাবে কাজ করতে পারি। যে কোনও অভিনেতাকে নিয়ে, যে কোনও বিষয় নিয়ে ছবি বানানোর স্বাধীনতা থাকুক।”

স্ত্রী নুসরতের সঙ্গে রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, একটি পরিবারের প্রত্যেকের মতাদর্শ এক হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাঁদের ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির প্রভাব পড়েনি বলেই জানিয়েছেন তিনি।

নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতে আরও খোলামেলা কাজের পরিবেশ তৈরি হবে— এমন আশাই ব্যক্ত করেছেন যশ দাশগুপ্ত। তাঁর বিশ্বাস, শিল্পের ক্ষেত্রটি যেন আর কোনও রাজনৈতিক বিভাজনের শিকার না হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole