Suvendu Adhikari:স্বচ্ছতা অভিযানের সূচনায় সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা!

রাজ্য

নিউজ পোল ব্যুরো:কলকাতা পুরসভার সদর দফতরে সোমবার গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন সূত্রে খবর, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের আগে কেন্দ্রের স্বচ্ছতা অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা সংক্রান্ত কর্মসূচি শুরু করতে চলেছে সরকার। সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হতে পারে কলকাতা পুরসভা থেকেই।

আরও পড়ুন:Kakoli Ghosh Dastidar:‘২০ নয়, সঙ্গে ২২ সাংসদ’! আরও দুই নাম গোপন রেখে দিল্লি উড়লেন কাকলি, সোমবার স্পিকারের দ্বারস্থ ‘বিদ্রোহী’ শিবির!

মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর কলকাতা পুরসভার কোনও দফতরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সফর এই প্রথম নয়। এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসে প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই আলাদা। গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, আর শাসনভার গ্রহণ করেছে বিজেপি সরকার।

রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে কলকাতা পুরসভার প্রশাসনিক কাঠামোতেও। সম্প্রতি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর পদত্যাগের পর কার্যত ভেঙে গিয়েছে বিদ্যমান পুর বোর্ড। পরবর্তী পরিস্থিতিতে পুর ও নগরোন্নয়ন দফতর কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসকের হাতেই থাকবে পুরসভার দায়িত্ব।

প্রশাসনিক সূত্রের দাবি, বর্ষাকাল ও আসন্ন উৎসবের মরসুমকে সামনে রেখে কলকাতার নাগরিক পরিষেবা, নিকাশি ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। সফরকালে কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

সূত্রের খবর, সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি পুরসভার শীর্ষ আধিকারিকদের কাছ থেকে কলকাতার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্টও চাইতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন বিভাগের ডিরেক্টর জেনারেল ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় তথ্য-পরিসংখ্যান প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে পুরসভায় প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই বেড়েছে। একাধিক বিভাগের কর্মীদের রবিবারের ছুটিও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। পুরসভার এক শীর্ষ আধিকারিকের দাবি, মুখ্যমন্ত্রীর সফরের সময় যাতে কোনও প্রশাসনিক বা সাংগঠনিক ত্রুটি না থাকে, সে জন্য সব ধরনের প্রস্তুতি আগাম সম্পন্ন করা হচ্ছে। ফলে সোমবারের এই কর্মসূচি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।