আয়ুষ্মান কার্ড না মিললেও ৫ লাখের ফ্রি চিকিৎসা, মুখ্যমন্ত্রীর জোড়া ঘোষণায় রাজ্যজুড়ে খুশির হাওয়া

breakingnews প্রযুক্তি রাজনীতি রাজ্য স্বাস্থ্য

নিউজপোল ব্যুরো: ভোটের আগে দেওয়া কথা এবার অক্ষরে অক্ষরে পালন করছে রাজ্যের নতুন সরকার! বিধানসভা নির্বাচনের সময় ‘সংকল্প পত্রে’ স্পষ্ট জানানো হয়েছিল, ক্ষমতায় এলেই বাংলায় চালু হবে অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারত। সেই প্রতিশ্রুতি মতোই এবার কাজে করে দেখাচ্ছে সরকার। রাজ্যের মসনদে বসার পর অন্নপূর্ণা যোজনা তো চালু হয়েছেই, এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার রেজিনগরের এক বিশাল জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যজুড়ে এখন জোরকদমে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম পূরণের কাজ চলছে। জেলা পর্যায়ে সাধারণ মানুষ এই প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছেন। কিন্তু এই কার্ড পেতে গেলে বেশ কিছু নিয়ম ও শর্ত মানতে হয়। এবার প্রশ্ন হলো, যাঁরা শর্ত পূরণ করতে পারবেন না বা আয়ুষ্মান কার্ড থেকে বাদ পড়বেন, তাঁদের কী হবে?

আমজনতার এই চিন্তাও একেবারে দূর করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি ধামাকাদার ঘোষণা করে জানিয়েছেন, যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদের জন্য রাজ্য সরকার নিয়ে এল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা’ যোজনা। এই নতুন প্রকল্পেও আয়ুষ্মান ভারতের মতোই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত একদম ফ্রি চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই বিমার সুবিধা শুধু আমাদের রাজ্যে নয়, গোটা ভারতের যে কোনও সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেই পাওয়া যাবে।

কারা পাবেন এই দারুণ সুবিধা?

  • আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারগুলি।
  • দিনমজুর এবং ভূমিহীন মানুষেরা।
  • তফসিলি জাতি (SC) এবং উপজাতি (ST) ভুক্ত পরিবার।
  • যাঁদের থাকার জন্য কাঁচাবাড়ি বা মাত্র এক কামরার ঘর আছে।
  • যে সব পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনও রোজগেরে পুরুষ সদস্য নেই।

সব মিলিয়ে, বাংলার সাধারণ ও গরিব মানুষদের চিকিৎসার জন্য আর টাকার চিন্তা করতে হবে না। এককথায় বলতে গেলে, মুখ্যমন্ত্রীর এই জোড়া ঘোষণায় টাকার অভাবে বাংলার কোনো গরিব ও সাধারণ মানুষের চিকিৎসা এবার থেকে আর আটকে থাকবে না।