নিউজপোল ব্যুরো: শনিবারের দফায় দফায় বৃষ্টির পর আজ, রবিবারেও কলকাতার আকাশ সকাল থেকেই পুরোপুরি মেঘলা। রাতভর বৃষ্টির পর আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিলোত্তমার আকাশের মুখ আরও গোমড়া হবে। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। গতকালের তুলনায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় গরমে স্বস্তি মিললেও, বৃষ্টির কারণে প্যাচপ্যাচে অস্বস্তি বজায় থাকবে।
তবে শুধু কলকাতা নয়, আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও মারাত্মক রূপ নিতে চলেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই আজ দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরোনোরই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাহাড়ি এলাকায় ধস নামার ও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা থাকায় প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
