Comrade Asit Singha Roy:আদর্শের মৃত্যু হয় না—কমরেড অসিত সিংহ রায়কে স্মরণ করে আবেগে ভাসল দীঘড়া!

Uncategorized রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:আরামবাগ জেলার অন্তর্গত গোঘাটের রাজনৈতিক ও গণআন্দোলনের ইতিহাসে কমরেড অসিত সিংহ রায় (Comrade Asit Singha Roy) শুধুমাত্র একজন বামপন্থী নেতা ছিলেন না, তিনি ছিলেন খেটে-খাওয়া মানুষ, কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের নির্ভরতার আরেক নাম। তাঁর প্রয়াণের পরও সেই আদর্শ ও সংগ্রামের স্মৃতি আজও সমানভাবে স্পন্দিত হচ্ছে মানুষের হৃদয়ে। সেই আবেগকেই সামনে রেখে ১১ জুলাই, শনিবার বিকেল ৩টায় গোঘাটের দীঘড়া শিবতলায় অনুষ্ঠিত হয় প্রয়াত কমরেড অসিত সিংহ রায়ের স্মরণসভার দ্বিতীয় পর্ব।

আরও পড়ুন:Bangladeshi Aadhaar Voter ID Allegation:বাংলাদেশিদের আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির!!

প্রথমে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, নির্লোভ চরিত্র এবং মানুষের জন্য নিরলস লড়াইয়ের নানা স্মৃতি তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন কৃষক আন্দোলনের নেতা কমরেড স্বপন পাত্র, প্রয়াত নেতার পুত্র ও যুব নেতা কমরেড অর্ণব সিংহ রায়, গোঘাট-১ এরিয়া কমিটির নেতৃত্ব কমরেড তরুণ কান্তি ঘোষ, প্রবীণ কৃষক আন্দোলনের নেতা কমরেড অরুণ পাত্র, পাটিগড়ার প্রবীণ বাম নেতা কমরেড দেবকুমার চ্যাটার্জী, রাধাবল্লভপুর শাখার সম্পাদক কমরেড গোবিন্দনাথ কুঁড়েল, সিপিআই(এম)-এর হুগলি জেলা কমিটির সদস্য কমরেড ভাস্কর রায় এবং কমরেড জাকির হোসেন।

স্মরণসভার সভাপতি হিসেবে সেখ জাকির হোসেনের নাম প্রস্তাব করেন গোঘাট-১ এরিয়া কমিটির সম্পাদক সৈয়দ মহম্মদ ইয়াসিন এবং সেই প্রস্তাব সমর্থন করেন এরিয়া কমিটির সদস্য কমরেড বৃন্দাবন মুখী। সভাপতিত্ব করেন সেখ জাকির হোসেন।

বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে কমরেড অসিত সিংহ রায়ের রাজনৈতিক জীবনের নানা অধ্যায়। ১৯৮৩ সালে সিপিআই(এম)-এর সদস্যপদ গ্রহণের পর তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি লোকাল কমিটি, জোনাল কমিটি ও এরিয়া কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং পঞ্চায়েত ইনচার্জ হিসেবেও দায়িত্ব সামলান। তবে তাঁর প্রকৃত পরিচয় ছিল পদে নয়, মানুষের পাশে দাঁড়ানোর অদম্য মানসিকতায়। কৃষক আন্দোলন, ভূমি আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন সংগ্রামী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

স্মরণসভার এক আবেগঘন মুহূর্তে ১৯৮৪ সালের ৪ আগস্ট গোঘাট থানার প্রথম শহীদ ভদ্রেশ্বর কাঁড়ির আত্মবলিদানও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জমিদারদের উদ্বৃত্ত ও বেনামী জমি উদ্ধার এবং ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে জোতদারদের লেঠেল বাহিনীর হাতে তিনি নৃশংসভাবে নিহত হয়েছিলেন। তাঁর শহীদ বেদীতেও মাল্যদান করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন কমরেড দেবকুমার চ্যাটার্জী, যিনি দীঘড়া অঞ্চলে জোতদার মেথর নন্দীর বিরুদ্ধে ভূমি আন্দোলনের অন্যতম লড়াকু সহযোদ্ধা ছিলেন।

সারা অনুষ্ঠান জুড়েই যেন একটাই অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে—শারীরিকভাবে না থাকলেও কমরেড অসিত সিংহ রায় আজও বেঁচে আছেন মানুষের অধিকার রক্ষার সংগ্রামে, কৃষকের স্বপ্নে, শ্রমজীবী মানুষের বিশ্বাসে এবং আদর্শনিষ্ঠ রাজনীতির এক উজ্জ্বল প্রতীকে। তাঁর জীবন আগামী প্রজন্মের কাছে সততা, আত্মত্যাগ ও সংগ্রামের এক অনন্য দলিল হয়ে থাকবে। লাল সেলাম, কমরেড অসিত সিংহ রায় (Comrade Asit Singha Roy)।