নিউজপোল ব্যুরো: শনিবার আর রবিবারের পর এবার সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বড়সড় মোড় নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি আছড়ে পড়তে পারে। তবে আসল অপেক্ষা করছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন। ওইদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ও ব্যাপকতা দুই-ই মারাত্মক বাড়বে। রথের দিন কলকাতা-সহ দুই মেদিনীপুর, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে মাঝারি বৃষ্টিতে রাস্তাঘাট ভাসার প্রবল আশঙ্কা রয়েছে।
এমনকী রথের পরের দিন, অর্থাৎ শুক্রবারেও বৃষ্টির এই তাণ্ডব থামবে না। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। কলকাতায় আজ সোমবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়লেও, মঙ্গল ও বুধবার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু বৃহস্পতিবার রথের দিন থেকে শুক্রবার পর্যন্ত তিলোত্তমায় ফের ধাপে ধাপে বৃষ্টির স্পেল বাড়বে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। পাহাড়ের ওপরের ৫টি জেলায় আজ অতি ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’। তবে আজ বিকেলের পর থেকে বৃষ্টির বেগ কিছুটা কমে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা বজায় থাকবে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমবে, কোথাও কোনও সতর্কবার্তা নেই। কিন্তু ফের শুক্রবার থেকে কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে।
