নিউজপোল ব্যুরো: রথযাত্রাকে সামনে রেখে দিঘায় যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য এল বড় সুখবর। এবার রথের সময় ভক্তদের যাতায়াত আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিল রেল। দিঘার জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে কয়েক দিনের জন্য চালু করা হচ্ছে বিশেষ লোকাল ট্রেন।
দিঘা এখন শুধু সমুদ্র ভ্রমণের জায়গা নয়। জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকে ধর্মীয় পর্যটনেরও বড় কেন্দ্র হয়ে উঠেছে এই শহর। বিশেষ করে রথযাত্রার সময় হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে দিঘায় পৌঁছন। সেই অতিরিক্ত ভিড় সামলাতেই বিশেষ ট্রেন চালানোর দাবি উঠেছিল। পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেলের কাছে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানায়। সেই আবেদন বিবেচনা করে রেল কর্তৃপক্ষ ১৬ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত হাওড়া-দিঘা লোকাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা সামনে আসতেই খুশির হাওয়া ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
সংগঠনের সাধারণ সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, প্রতি বছর রথ উপলক্ষে বহু মানুষ ট্রেনে করে দিঘার জগন্নাথ মন্দিরে যান। যাত্রীদের সুবিধার কথা ভেবেই বিশেষ ট্রেনের দাবি জানানো হয়েছিল। রেল সেই আবেদন মেনে পরিষেবা চালু করায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। নিত্যযাত্রীদের একাংশেরও দাবি, এই বিশেষ ট্রেনের ফলে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। একই সঙ্গে সাধারণ যাত্রী ও ভক্ত— উভয়েই স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।
