নিউজপোল ব্যুরো: ট্রেনের কনফার্ম টিকিট না পেয়ে আর মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না। দূরপাল্লার যাত্রীদের জন্য এবার চলে এলো এক দুর্দান্ত সুখবর। কলকাতা থেকেই এবার দেশের চারটি বড় শহরের উদ্দেশ্যে রওনা দেবে বিলাসবহুল বাস। আজ সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাস থেকে এই মেগা বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু হওয়া এই বাস পরিষেবা যেমন আধুনিক ও আরামদায়ক, তেমনই এর ভাড়াও রাখা হয়েছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।
সূত্রের খবর, এই দূরপাল্লার বাস রুটগুলো চালু করার জন্য গত কয়েক বছর ধরেই লাগাতার চেষ্টা চলছিল। কিন্তু অজ্ঞাত কোনো এক জটে আটকে ছিল পুরো প্রক্রিয়া। অবশেষে রাজ্যে সরকার বদল হতেই মাত্র ২ মাসের মধ্যে সেই সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতা কেটে গেছে। সবুজ সংকেত মিলতেই রাস্তায় নেমে পড়েছে এই লাক্সারি বাসগুলো। এখন থেকে কলকাতা থেকে সরাসরি দিল্লি এবং বেঙ্গালুরুর মতো মেগা সিটিতে বাসে চেপেই পৌঁছে যাওয়া যাবে।
ভাড়া এবং সময়সূচী:
-
কলকাতা থেকে দিল্লি: বাস ভাড়া রাখা হয়েছে মাত্র ২,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে। আর কলকাতা থেকে রওনা দিয়ে মাত্র ১৭ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে দেশের রাজধানীতে।
-
কলকাতা থেকে বেঙ্গালুরু: দক্ষিণ ভারতের এই আইটি হাবে পৌঁছতে সময় লাগবে প্রায় ৩৫ ঘণ্টা। আর এর জন্য যাত্রীদের টিকিট কাটতে হবে মাত্র ৪,৫০০ টাকায়।
ট্রেনের লম্বা ওয়েটিং লিস্ট এবং চড়া প্লেন ভাড়ার দিন শেষ করে এই নতুন লাক্সারি বাস পরিষেবা যে সাধারণ মধ্যবিত্ত যাত্রীদের জন্য এক মস্ত বড় লাইফলাইন হতে চলেছে, তা বলাই বাহুল্য।
