“আমি খেলে তো সরকার ভাববে আলোচনার দরকারই নেই”— অনশন ভাঙার আর্জি উড়িয়ে মোদী সরকারকে তীব্র তোপ ওয়াংচুকের!

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  লাদাখের জল-জমি-জঙ্গল বাঁচানোর লড়াইয়ে অবিচল পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। আজ তাঁর আমরণ অনশন আন্দোলন পা দিল ১৯ তম দিনে। দিনের পর দিন না খেয়ে থাকায় একটু একটু করে ভেঙে পড়ছে তাঁর শরীর। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে। ওয়াংচুকের অনশনের ১৮ তম দিনে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। সোনম ওয়াংচুকের প্রাণ বাঁচাতে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানানো হয়েছে আদালতে, যাতে সরকার তাঁকে জোর করে খাওয়াতে পারে।

তবে এই সমস্ত আইনি তৎপরতা এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধের মাঝেই অনশন মঞ্চ থেকে এক জলজ্যান্ত ভিডিও বার্তা দিয়েছেন খোদ সোনম ওয়াংচুক। বুধবার রাতে অত্যন্ত কষ্ট করে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “অনেকে আমায় ভালোবেসে অনশন ভাঙতে বলছেন, কেউ আবার বকাবকিও করছেন। আদালতে মামলা পর্যন্ত হয়েছে। কিন্তু আমি এখন কিছু খেলে সরকারের কাছে কী বার্তা যাবে? সরকার ভাববে আলোচনা করার দরকার নেই, অনশনে বসবে আবার চলে যাবে।”

তিনি আরও স্পষ্ট করে জানান যে, ১৮ দিন না খেয়ে থাকার পর চিকিৎসকদের করা ইসিজি (ECG) ও সমস্ত শারীরিক রিপোর্ট এখনও স্বাভাবিক রয়েছে। তিনি মানসিকভাবে সম্পূর্ণ শক্ত আছেন এবং এই লড়াই আরও বেশ কিছুদিন চালিয়ে যেতে পারবেন।

ভিডিওর শেষে দেশবাসীর উদ্দেশ্যে একটি বড় আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক। তিনি অনুরোধ করেছেন, শুধু তাঁর অনশন ভাঙার আবেদন না করে, আগামী ২০ জুলাই যেন দেশের মানুষ একটি বিশাল জনসভার আয়োজন করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই জমায়েতে আসার ডাক দিয়ে তিনি বলেন, “সেদিন ছাত্রছাত্রীরা বইয়ের বাইরে এসে রাষ্ট্রবিজ্ঞান ও গণতন্ত্রের আসল পাঠ শিখবে, যা ইতিহাসে লেখা থাকবে।”