কলকাতার ইসকন রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! দুপুর ১২টাতেই শুরু মহা উৎসব!

breakingnews কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো:  আজ রথযাত্রা। আর এই পুণ্য তিথিতে কলকাতার রাজপথে নামতে চলেছে ইসকনের সেই বহু প্রতীক্ষিত ঐতিহ্যবাহী রথ। ভক্তদের উল্লাস আর হরিনাম সংকীর্তনের মাঝেই আজ দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে জগন্নাথ দেবের এই যাত্রা শুরু হবে। তবে এবারের রথযাত্রার সবচেয়ে বড় চমক হলো, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে এই বর্ণাঢ্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা ও উদ্বোধন করবেন। তাঁর হাত ধরেই এবার টান পড়বে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথের রশিতে।

মুখ্যমন্ত্রীর আগমন এবং লাখো ভক্তের সমাগমকে কেন্দ্র করে কলকাতা জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অ্যালবার্ট রোডের মন্দির থেকে বেরোনোর পর মহাপ্রভুর রথ একে একে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোড পরিক্রমা করবে। এরপর এক্সাইড ক্রসিং ও জওহরলাল নেহরু রোড ছুঁয়ে আউট্রাম রোড হয়ে অবশেষে রথ গিয়ে পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী কয়েকদিন এই ব্রিগেড ময়দানেই সাময়িকভাবে মাসির বাড়ি হিসেবে অবস্থান করবেন জগন্নাথ দেব।

শহরের এই প্রধান প্রধান রাস্তাগুলো দিয়ে বিশাল রথযাত্রা যাওয়ার কারণে ট্রাফিক ব্যবস্থা সচল রাখা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই রথযাত্রা চলাকালীন যাতে আমজনতাকে চরম যানজটের মুখে পড়তে না হয়, তার জন্য কলকাতা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে সেন্ট্রাল ও সাউথ কলকাতার একাধিক রুটে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ফলে আজ দুপুরের পর যারা জরুরি কাজে এই সব রুট দিয়ে যাতায়াত করবেন, তারা ট্রাফিক আপডেট দেখেই বেরোন।