বাংলাজুড়ে দুর্যোগের লাল ঘণ্টা! ৬ জেলায় কমলা সতর্কতা, উইকএন্ডে উত্তরবঙ্গে চরম বৃষ্টির তাণ্ডবের আশঙ্কা

আবহাওয়া রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়ার নতুন সতর্কবার্তা ঘিরে উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও মাঝারি থেকে তীব্র বৃষ্টি শুরু হতে পারে।

সবচেয়ে বেশি সতর্ক করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাকে। এই ছয় জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, শনিবার ও রবিবার উত্তরবঙ্গে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে রয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচু এলাকায় জল জমে প্লাবনের পরিস্থিতিও তৈরি হতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও মিলছে না পুরো স্বস্তি। শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এরপর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। সোমবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বহাল থাকবে। উত্তর দিনাজপুরে থাকবে হলুদ সতর্কতা।

প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, আবহাওয়ার আপডেট দেখে যাতায়াত করা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।