নিউজ পোল ব্যুরো:পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বর ধামে প্রতিদিনই উপচে পড়ছে ভক্তসমাগম। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শ্রাবণী মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে নিরাপত্তা, যাত্রী পরিষেবা ও ভক্তদের সুবিধার্থে একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক শিবভক্ত নিষ্ঠার সঙ্গে বাবা তারকনাথের দর্শন ও পূজায় অংশ নিচ্ছেন। এই আবহেই রবিবার সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তারকেশ্বর, জাঙ্গীপাড়া এবং খানাকুলের বিজেপি বিধায়করা। মন্দিরে প্রণাম ও পূজা সেরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:Taslima Nasrin:মাদ্রাসার বদলে সেক্যুলার স্কুল হওয়া উচিত: তসলিমা নাসরিন!
মানিক সাহা জানান, বহু বছর পর তাঁর তারকেশ্বরে আসা। শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে এখানে এসে দুধপুকুরে স্নান করেছিলেন। এবার বাবা তারকনাথের চরণে প্রণাম জানিয়ে তিনি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মানুষের কল্যাণ এবং সার্বিক উন্নতির জন্য প্রার্থনা করেছেন। তাঁর বক্তব্য, বর্তমানে পশ্চিমবঙ্গে ধর্মীয় পরিবেশের ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যা তাঁকে বিশেষভাবে আনন্দিত করেছে। তাঁর কথায়, এখন মনে হচ্ছে ভগবানের সান্নিধ্যে আসা সম্ভব হচ্ছে এবং সেই অনুভূতি অত্যন্ত তৃপ্তিদায়ক।
এদিন তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গ অতীতের নানা অনাচার থেকে মুক্ত হয়েছে এবং সেই পরিবর্তন সম্ভব হয়েছে বাবা তারকনাথের আশীর্বাদে। তাঁর বক্তব্য, মানুষের জীবনে ঈশ্বরের আশীর্বাদই সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ভগবানের ইচ্ছা ছাড়া কোনও পরিবর্তন সম্ভব নয়। শ্রাবণ মাসে ভক্তদের অতিরিক্ত ভিড়ের কারণে তিনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারেননি বলেও জানান। সেই কারণে ভবিষ্যতে আবারও তারকেশ্বরে এসে পূজা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন পর নতুন করে স্বাধীনতার অনুভূতি অর্জন করেছেন। একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন, তাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে আরও দ্রুত এগোবে বলে তাঁর বিশ্বাস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই সফর এবং তারকেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে করা রাজনৈতিক মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসের ধর্মীয় আবহে তাঁর বক্তব্য রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
