Sumit Roy:দু’দিনে প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ‘আশপাশেই ছিলাম’ বলে মুখ খুললেন সুমিত রায়!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:প্রথম দিন প্রায় ১০ ঘণ্টা এবং দ্বিতীয় দিন ছ’ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর রবিবার সন্ধ্যায় ভবানীভবন থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক তথা বাল্যবন্ধু সুমিত রায় (Sumit Roy)। টানা দু’দিন সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর ভবানীভবনের বাইরে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এতদিন কোথায় ছিলেন, কেনই বা তদন্তকারী সংস্থার একাধিক তলব সত্ত্বেও প্রকাশ্যে আসেননি—সহ একাধিক প্রশ্নের মুখে অবশেষে সংক্ষিপ্ত জবাব দিলেন সুমিত।

আরও পড়ুন:Suvendu Adhikari:‘এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর!

গা-ঢাকা দিয়ে থাকার প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘আশপাশেই ছিলাম।’’ একই সঙ্গে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করছেন। তদন্ত সংক্রান্ত বিষয়ে এর বেশি কোনও মন্তব্য করতে চাননি তিনি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুমিতের সাফ জবাব, ‘‘সব অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু নয়।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে কথিত বেআইনি আর্থিক লেনদেন, প্রার্থী করার বিনিময়ে অর্থ আদায়, পশ্চিম মেদিনীপুরের জমি সংক্রান্ত দুর্নীতি-সহ একাধিক অভিযোগের তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলব করা হলেও দীর্ঘদিন তাঁর কোনও হদিস মেলেনি বলে অভিযোগ।

গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্ট থেকে রক্ষাকবচও পেয়েছেন সুমিত। আদালতের নির্ধারিত শর্ত অনুযায়ী তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়া তাঁর জন্য বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনেই শনিবার প্রথমবার ভবানীভবনে হাজির হন তিনি। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সেদিন রাত ৯টার পর ভবানীভবন থেকে বেরিয়ে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান বলে জানা যায়। তবে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

রবিবার ফের তাঁকে ডেকে পাঠায় সিআইডি। এ দিনও ছ’ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। সন্ধ্যা ৬টা নাগাদ ভবানীভবন থেকে বেরোনোর পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়েন সুমিত। এতদিন কোথায় ছিলেন, কেন আত্মগোপনে ছিলেন—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশমতোই সব করছি। আশপাশেই ছিলাম। এর বেশি কোনও মন্তব্য করব না।’’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, সোমবারও ভবানীভবনে হাজিরা দিতে হবে সুমিত রায়কে (Sumit Roy)। ওই দিন পশ্চিম মেদিনীপুরের ডেবরার জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। ফলে পরপর তিন দিন সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন অভিষেকের আপ্তসহায়ক। আগামী দিনের জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত কতটা এগোয়, এখন সেদিকেই নজর।