নিউজপোল ব্যুরো: বারাসতের মাটিতে এবার লেখা হতে চলেছে ফুটবলের নতুন ইতিহাস। যে মাঠে এতদিন কলকাতা লিগের বড় ম্যাচও নিয়মিত দেখা যেত না, সেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনেই এবার মুখোমুখি হবে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামী ৭ সেপ্টেম্বরের ডার্বি ঘিরে এখন থেকেই সাজসাজ রব বারাসতে। মাঠ থেকে গ্যালারি, আলো থেকে নিরাপত্তা—সবকিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বারাসত স্টেডিয়ামে এর আগে দুই দলের ডার্বি হয়নি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামের পরিকাঠামোর অবস্থাও একসময় বেশ খারাপ ছিল। ফ্লাডলাইট, প্রেস বক্স, ভিআইপি রুম থেকে গ্যালারি—একাধিক জায়গায় সংস্কারের প্রয়োজন ছিল। মাঠের চারপাশেও জমেছিল আগাছা ও জঙ্গল। পরে স্টেডিয়ামকে নতুন করে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। সংস্কারের পর অগস্টে এখানে কলকাতা লিগের ম্যাচও হয়েছে।
বারাসতের মাঠে ডার্বি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। রাতের ম্যাচের জন্য ফ্লাডলাইট পরীক্ষা করা হয়েছে। আইএফএ কর্তাদের উপস্থিতিতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আলো পরীক্ষা করে স্টেডিয়ামকে ডার্বির উপযুক্ত বলে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ম্যাচের আগেই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টিকিট। আইএফএ এখনও টিকিট না ছাড়ায় একটা টিকিটের জন্য ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শুধু বারাসত নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ফুটবলপ্রেমীরা টিকিটের অপেক্ষায়।
ডার্বির ভিড় সামলাতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা। স্টেডিয়ামে নতুন করে চতুর্থ গেট তৈরির কাজ চলছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা ব্লক রাখা হচ্ছে। ভিআইপি গ্যালারির সংস্কারের কাজও চলছে। শুক্রবারের মধ্যে বাকি প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে। ফলে ৭ সেপ্টেম্বরের আগে বারাসত কার্যত পরিণত হতে চলেছে দুই দলের সমর্থকদের ফুটবল-যুদ্ধের মঞ্চে।
