নিউজপোল ব্যুরো: সংসারের হাল ধরতে প্রায় ১৪ বছর আগে ভিনরাজ্য কেরালায় পাড়ি দিয়েছিলেন সাগরের মনসা দ্বীপের যুবক সুব্রত ভূঁইয়া। দীর্ঘদিন ধরে সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। পরিবারের মুখে হাসি ফোটানোর সেই লড়াইয়ের শেষ পরিণতি হল অত্যন্ত মর্মান্তিক। কেরালায় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল ৩৮ বছরের সুব্রতর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কেরালার তালেশ্বরীতে একটি ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করতেন সুব্রত। প্রায় এক সপ্তাহ আগে কাজ চলাকালীন আচমকাই তাঁর পেট ও বুকে তীব্র ব্যথা শুরু হয়। এরপর দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুব্রতই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আকস্মিক মৃত্যুতে স্ত্রী সুষমা ভূঁইয়া-সহ পরিবারের সদস্যরা কার্যত অসহায় হয়ে পড়েছেন।
কেরালা থেকে সুব্রতর নিথর দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো তাঁকে দেখতে মনসা দ্বীপে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা এলাকা। ১৪ বছরের পরিযায়ী জীবনের শেষে নিজের গ্রামে ফিরলেন সুব্রত—তবে জীবিত নয়, নিথর দেহ হয়ে।
