পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতি! জমি বিবাদে উত্তপ্ত সন্দেশখালি, কাঠগড়ায় বিধায়ক রেখা পাত্র

জেলা রাজনীতি

নিউজপোল ব্যুরো: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত সন্দেশখালি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই শরিকদের মধ্যে বচসা ও হাতাহাতির অভিযোগ উঠেছে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি স্থানীয়দের।

ঘটনাটি সন্দেশখালি-২ ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বউঠাকুরান গ্রামের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, রেখা পাত্রের বাবার প্রায় ৯ বিঘা জমি নিয়ে শরিক কালিপদ নস্কর ও তাঁর ছেলে সুভাষ নস্করের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। জমির রেকর্ড ও মালিকানা নিয়ে এই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়।

আরও দেখুন :-সরকারি অনুদান নয়, নিজেদের অর্থেই পুজো! শুভেন্দুর আবেদনে সাড়া একাধিক কমিটির

আদালতের নির্দেশে সুভাষ নস্কর পুলিশি নিরাপত্তায় জমিতে চাষ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। সেই সময় ঘটনাস্থলে পৌঁছন রেখা পাত্র ও তাঁর অনুগামীরা। এরপর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনা নিয়ে রেখা পাত্রের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।