সরকারি অনুদান নয়, নিজেদের অর্থেই পুজো! শুভেন্দুর আবেদনে সাড়া একাধিক কমিটির

রাজ্য

নিউজপোল ব্যুরো: পুজোর আবেগে কোনও কার্পণ্য নয়, তবে বড় বাজেটের পুজোয় সরকারি অনুদান নয়—এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আবেদনে সাড়া দিয়ে একের পর এক পুজো কমিটি সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত জানাতে শুরু করেছে।

দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়ার ঘোষণা করা হলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, যেসব পুজো কমিটি বড় বাজেটে পুজো করে এবং নিজেদের সামর্থ্যে উৎসব আয়োজন করতে পারে, তাদের সরকারি অর্থ না নেওয়াই উচিত। তাঁর এই আহ্বানের পরেই সামনে এসেছে একাধিক পুজো কমিটির সিদ্ধান্ত।

আরও দেখুন :-বাঘের হামলায় আহত মৎস্যজীবীর ব্রেন ডেথ, অঙ্গদানে এগিয়ে এল পরিবার

বিধায়ক সজল ঘোষের দায়িত্বে থাকা সন্তোষ মিত্র স্কোয়ার আগেও সরকারি অনুদান নেয়নি। এ বারও অনুদান না নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সজল ঘোষ বলেছেন, “আগেও অনুদান নেওয়া হয়নি, এখনও নেব না।” সরকারি অনুদান নেবে না চোরবাগান সর্বজনীনও। একই পথে হাঁটছে সন্তোষপুর লেক পল্লীর টাল প্রত্যয় ক্লাব এবং ফুলবাগান সর্বজনীন।

অন্যদিকে, রাজডাঙা নবোদয় সঙ্ঘ এবার সরকারি অনুদানের পরিবর্তে মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুজো কমিটির চেয়ারপার্সন কেয়া ঘোষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যুতের বিলে ১০০ শতাংশ ছাড় দেওয়াও বড় সিদ্ধান্ত। ছোট বাজেটের পুজো কমিটিগুলির পাশে সরকার থাকবে, আর বড় পুজোগুলি নিজেদের অর্থেই উৎসব করুক—এই বার্তাই স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণায়।