নিজস্ব প্রতিনিধি: এসআইআরে (SIR) তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা আবারও দিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় গত তিন দিন ধরে চলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা মঞ্চ থেকেই বারবার এই দাবির কথা তুলে ধরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারও তিনি স্পষ্ট করে বলেন, “যতদিন না এই ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
তবে একইসঙ্গে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের কথাও উল্লেখ করেন। অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আপনি আন্দোলনের জন্য রাস্তায় থাকতে চান, সেটা আমরা জানি। কিন্তু রাজ্যের মানুষের স্বার্থে এবং তাদের জন্য লড়াই চালিয়ে যেতে হলে আপনার সুস্থ থাকা জরুরি। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন রয়েছে, তারা এই আন্দোলনের দায়িত্ব নিতে পারবে।” তাঁর এই বক্তব্য থেকে অনেকেই মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে ধরনা মঞ্চে না থাকার জন্যই তিনি অনুরোধ জানিয়েছেন।
অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্যের পরপরই দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধরনা মঞ্চে জমায়েতের দায়িত্ব থাকবে তৃণমূল যুব কংগ্রেসের ওপর। সংগঠনের সব কর্মী ও সমর্থকদের ওই সময়ের মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দলের ছাত্র ও যুব সংগঠন প্রতিদিন পর্যায়ক্রমে ধরনা কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।
এসআইআরে ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে শুরু হওয়া এই আন্দোলনকে তৃণমূল শুধু ভোটাধিকারের দাবি হিসেবেই দেখছে না। দলের মতে, এটি গণতান্ত্রিক অধিকার রক্ষার বৃহত্তর লড়াই। কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে বহু ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল করার অভিযোগ উঠেছে এমন দাবিও তৃণমূলের তরফে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আবারও বিরোধী রাজনীতিতে নিজের সক্রিয় ভূমিকা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী হয়েও তিনি সরাসরি পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই বার্তাই দিতে চাইছে তৃণমূল।
তবে একইসঙ্গে দলের ভিতরেও এই বিষয়টি নিয়ে সতর্কতা দেখা যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তাঁর স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত অনুরোধ করেছেন, আন্দোলন চললেও মুখ্যমন্ত্রী যেন দীর্ঘ সময় ধরে ধরনা মঞ্চে না থাকেন এবং দলের ছাত্র-যুব সংগঠনগুলো এই আন্দোলনের দায়িত্ব আরও বেশি করে গ্রহণ করে। এখন দেখার বিষয়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই অনুরোধের পর মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত নেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
