বাঘের হামলায় আহত মৎস্যজীবীর ব্রেন ডেথ, অঙ্গদানে এগিয়ে এল পরিবার

জেলা

নিউজপোল ব্যুরো: রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় গুরুতর আহত কুলতলির মৎস্যজীবী আজিজ মোল্লার (৩২) ব্রেন ডেথ হয়েছে। তাঁর মৃত্যুর পর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়ে মানবিক নজির গড়ল পরিবার। জানা গিয়েছে, ইতিমধ্যেই অঙ্গদানের প্রয়োজনীয় নিয়মকানুন সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর ৫-৬ জন সঙ্গীর সঙ্গে ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন মইপিট এলাকার বাসিন্দা আজিজ। জাল নামিয়ে মাছ তোলার সময় আচমকাই একটি রয়্যাল বেঙ্গল টাইগার হামলা চালায়। বাঘটি আজিজকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীরা তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করায় প্রাণে বেঁচে যান তিনি। তবে বাঘের হামলায় গুরুতর জখম হন আজিজ।

প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে তাঁর চিকিৎসা হয়। পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করে শুরু হয় চিকিৎসা। অস্ত্রোপচার ও একাধিক শারীরিক পরীক্ষা করা হলেও শেষরক্ষা হয়নি।

শুক্রবার চিকিৎসকরা আজিজকে ব্রেন ডেথ ঘোষণা করেন। এরপর চিকিৎসকদের পরামর্শে অঙ্গদানে সম্মতি দেয় তাঁর পরিবার। মঙ্গলবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কোন কোন অঙ্গ প্রতিস্থাপনের উপযোগী, তা চূড়ান্ত করা হবে।