মোদীর নৈশভোজে পুতিন হাজির, শি জিনপিং উধাও! ঘিরে কূটনৈতিক জল্পনা

দেশ

নিউজপোল ব্যুরো: ব্রিকস (BRICS) নেতাদের সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত নৈশভোজে (Dinner) ফুটে উঠল ভারতের বৈচিত্র্যময় খাদ্য ও সংস্কৃতির ছবি। ভারত মণ্ডপমে আয়োজিত এই বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকসের একাধিক রাষ্ট্রনেতা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে নজর কাড়ল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি।

তাঁর অনুপস্থিতি নিয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয়নি। তবে সূত্রের দাবি, দিনভর সম্মেলনের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিশ্রামের জন্য নিজের হোটেলে ফিরে যান শি। ফলে নৈশভোজে তাঁর যোগ দেওয়া সম্ভব হয়নি। তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে অবশ্য কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

শুধু শি নন, নৈশভোজে উপস্থিত ছিলেন না আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও। তবে তাঁর ক্ষেত্রে জানা গিয়েছে, শীর্ষ সম্মেলন শেষ করে দেশে ফিরে যাওয়ার কারণেই তিনি অনুষ্ঠানে থাকতে পারেননি।

নৈশভোজের মেনু (Menu) ছিল সম্পূর্ণ নিরামিষ। খণ্ডভি (Khandvi), খুম্ব গালৌটি (Khumb Galouti), পনির লাবাবদার (Paneer Lababdar), হিমালয়ের গুচ্চি মাশরুম (Gucchi Mushroom), ক্যারট বিন পোরিয়াল (Carrot Bean Poriyal), অড়হর ডাল এবং মিলেট পোলাও (Millet Pulao)-এর মতো পদ রাখা হয়েছিল। শেষ পাতে ছিল ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম উইথ জিলাপি (Old Delhi Fruit Cream with Jalebi) এবং শাহ্‌তুত ফিরনি (Shahtoot Phirni)।

খাবারের পাশাপাশি ‘নবরস: দ্য ইউনিভার্স অফ শেয়ার্ড ইমোশন্স’ নামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Programme) আয়োজন করা হয়। এর মাধ্যমে ভারতের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরা হয়। তবে জমকালো আয়োজনের মধ্যেও শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনা হয়েছে শি জিনপিংয়ের অনুপস্থিতি নিয়েই।