নিউজপোল ব্যুরো: সপ্তাহজুড়ে কখনও ঝমঝম, কখনও ঝিরঝির—বৃষ্টির দাপটে ভিজেছে দক্ষিণবঙ্গ। কলকাতার আকাশেও বারবার হাজির হয়েছে বৃষ্টির মেঘ। তবে শনিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলেছে। রবিবার বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না! শহর থেকে জেলা—কোথাও হালকা-মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস।
রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে সারাদিন ধরে প্রবল বৃষ্টিতে শহর বিপর্যস্ত হওয়ার মতো পরিস্থিতির পূর্বাভাস আপাতত নেই। তাপমাত্রার দিক থেকেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। এর আগের ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই রবিবার বাইরে বেরোলে আকাশের পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ থাকছে। এদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনায় বেশি নজরকাড়া। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়েরও দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
