নিউজপোল ব্যুরো: মালদার (Malda) খান্দুয়া সীমান্ত আউটপোস্টের কাছে গঙ্গা নদীতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ১০ বাংলাদেশি নাগরিক। বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের (71 Battalion) সতর্ক জওয়ানরা তাঁদের নদী থেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে তিন শিশু, তিন মহিলা এবং চারজন পুরুষ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারির সময় গঙ্গায় তাঁদের বিপজ্জনক অবস্থায় দেখতে পান জওয়ানরা। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধার অভিযানে নামেন তাঁরা। সকলকেই নিরাপদে নদী থেকে তুলে আনা হয়।
উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মাত্র ৩০ দিনের একটি শিশুর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। বিএসএফ জওয়ানরা দেরি না করে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর দ্রুত তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সময়মতো চিকিৎসা পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া (Formalities) সম্পন্ন করার পর উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির (BGB) হাতে তুলে দেয় বিএসএফ। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এই ঘটনায় বিএসএফের মানবিক ভূমিকারও প্রশংসা করা হয়েছে।
