আমার বাবাকে ভুল কেসে জেলে পাঠানো হয়েছে’, মিলন প্রধানের হয়ে সরব মেয়ে অরুণিমা

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আবহে জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে এবার মুখ খুলল তাঁর মেয়ে অরুণিমা প্রধান। বছর পনেরোর অরুণিমা একটি ভিডিয়ো বার্তায় বাবার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নন্দীগ্রামবাসীর কাছে তাঁর পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, তাঁর বাবাকে ভুল মামলায় জেলে পাঠানো হয়েছে।

অরুণিমা জানান, নন্দীগ্রামের আন্দোলনের সময় তাঁর দাদু এবং বাবা দু’জনেই সেখানে ছিলেন। তাঁর প্রশ্ন, একই সময়ে আরও অনেকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও কেন শুধু তাঁর বাবাকেই জেলে থাকতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

বাবার সমর্থনে নন্দীগ্রামবাসীর উদ্দেশে অরুণিমার আবেদন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়। তাঁর দাবি, মিলন প্রধান সৎ ও অহিংসভাবে লড়াই করছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন পর্বের পুরনো মামলায় সম্প্রতি গ্রেফতার হন মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে, কলকাতা হাই কোর্টে তাঁর নির্বাচনে অংশগ্রহণ ও জামিন নিয়ে শুনানি চলছে। বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অন্তর্বর্তী জামিনের বিষয়ে পর্যবেক্ষণ দেন এবং তাঁকে নির্বাচনে লড়তে দেওয়ার কথা বলেন। শুক্রবার ফের শুনানি হওয়ার কথা।