‘প্রিভিউ শো-এর নামে পাস বিক্রি করা যায়?’ ইন্দ্রনীল মামলায় বিচারপতির কড়া প্রশ্ন

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:ইডির দফতরে হাজিরা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন ইন্দ্রনীল সেনের। আর সেই মামলার শুনানিতেই পুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রি নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন পর্যটন মন্ত্রী। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানিকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রি করা হয়েছে। এই মামলায় তাঁর স্ত্রীর সংস্থা ‘মাসআর্ট’-এর নামও রয়েছে। ইতিমধ্যেই তদন্তে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন ইন্দ্রনীল।

শুনানিতে তাঁর আইনজীবী জিষ্ণু সাহা জানান, পুজোর প্রচারের কাজ করেছিলেন ইন্দ্রনীল এবং সেই সংক্রান্ত ইউনেস্কোর নথিও আদালতে পেশ করা হয়েছে। তাঁর দাবি, ২০২৩ সালে প্রিভিউ শো-এর পাস বিনামূল্যে দেওয়া হয়েছিল। বিশেষভাবে সক্ষমদের জন্যও বিনামূল্যে পাসের ব্যবস্থা ছিল।

এর পাল্টা রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, প্রতি পাসের জন্য ১৭ হাজার থেকে ৪৫০০ টাকা পর্যন্ত নেওয়া হত। তখনই বিচারপতির প্রশ্ন, “প্রিভিউ শো-এর নামে পাস বিক্রি করা যায়?”

মামলায় আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। ইন্দ্রনীল তৎকালীন মন্ত্রী হওয়ায় প্রভাব খাটানোর সম্ভাবনা কীভাবে উড়িয়ে দেওয়া হবে, জানতে চান তিনি। ইন্দ্রনীলের আইনজীবীর দাবি, ১৯টি জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর মক্কেলের অ্যাকাউন্ট থেকে কোনও টাকা উদ্ধার করতে পারেনি ইডি।আগামী শুক্রবার ফের শুনানি। তার আগে রাজ্যকে মানি ফ্লো সংক্রান্ত ফ্লো-চার্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।