নিউজপোল ব্যুরো: হাতে সংবিধান, কখনও রাস্তায় বসে আবার কখনও পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ—বুধবার দিল্লির রাজপথে এমনই ছবি ধরা পড়ল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন ঘিরে ফের উত্তেজনা তৈরি হয় রাজধানীতে।
যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী দলের সাংসদরা। অশোকা রোডে তাঁদের পথ আটকায় পুলিশ। ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা ঘিরে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। এরপর রাহুল গান্ধীকে আটক করে পুলিশ।
অন্যদিকে, পুলিশের বাধার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর হাতে ছিল সংবিধানের একটি কপি। বেশ কিছুক্ষণ সেখানেই অবস্থান করার পর পুলিশ তাঁকেও সরিয়ে নিয়ে যায়।
আটকের আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গেও মুখ খোলেন রাহুল। তাঁর দাবি, ইতিমধ্যেই তাঁর নামে ৪৫টি এফআইআর হয়েছে। আরও এফআইআর হলেও তিনি পিছিয়ে যাবেন না বলে বার্তা দেন কংগ্রেস সাংসদ।
বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকা সংক্রান্ত একাধিক বিষয়ে প্রশ্ন রয়েছে। সেই দাবিতেই জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে।
