আকাশে টার্বুল্যান্স, তারপর বজ্রপাত! অবতরণের পরই বদলে গেল ইন্ডিগোর পরিস্থিতি

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: উড়ান শুরু করার সময় পরিস্থিতি স্বাভাবিকই ছিল। কিন্তু গন্তব্যের দিকে এগোতেই বদলে গেল আকাশের চেহারা। পাটনা থেকে লখনউগামী ইন্ডিগোর বিমানে দেখা দিল টার্বুল্যান্স। এর মধ্যেই প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় আচমকা বজ্রপাত। মুহূর্তের সেই ধাক্কার প্রভাব অবশ্য আকাশে স্পষ্ট বোঝা যায়নি। কিন্তু লখনউয়ে পৌঁছনোর পর সামনে এল ক্ষতির ছবি।

বুধবারের এই ঘটনায় বিমানের সামনের দিকে থাকা রাডোম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরেই থাকে আবহাওয়া পর্যবেক্ষণকারী রাডার। তবে সবচেয়ে বড় স্বস্তি, বিমানে থাকা ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।

আরও দেখুন:-বৃষ্টির দিন শেষ? পুজোর মুখে সুখবর, কবে বিদায় নিচ্ছে বর্ষা জানাল আবহাওয়া দফতর

লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদেই অবতরণ করে। পরে জানা যায়, অবতরণের সময় বিমানটি শিলাবৃষ্টির মধ্যেও পড়েছিল। মাটিতে নামার পর প্রযুক্তিগত কর্মীদের নজরে আসে বিমানের সামনের অংশের ক্ষতি। এরপরই বিমানটিকে আর উড়তে দেওয়া হয়নি।

ঘটনার খবর পৌঁছয় ডিজিসিএ-র কাছেও। শুরু হয় বিমানের প্রযুক্তিগত পরীক্ষা। লখনউ থেকে আমদাবাদ যাওয়ার পরবর্তী উড়ানটিও বাতিল করা হয়। যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় মেরামতি এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমতি মিললেই ফের আকাশে ফিরবে বিমানটি।