নিউজপোল ব্যুরো:ঢাকে কাঠি পড়তেই উৎসবের মেজাজে কলকাতা। শহরের অলিগলি থেকে বড় মণ্ডপ, সর্বত্রই বাড়বে দর্শনার্থীদের ভিড়। সেই ভিড় সামলাতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুলিশ। এ বছর শহরে দুর্গাপুজোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮১। গত বছরের তুলনায় ৪০০-রও বেশি পুজো বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা করেছে লালবাজার। তৃতীয়া থেকেই শুরু হচ্ছে বাড়তি পুলিশি নজরদারি। বুধবার চতুর্থীর বিকেল থেকে আরও বেশি সংখ্যায় পুলিশকর্মী রাস্তায় নামবেন।
পুলিশ সূত্রে খবর, এ বছর সবচেয়ে বেশি পুজো হচ্ছে যাদবপুর বা এসএসডি ডিভিশনে। সেখানে পুজোর সংখ্যা ৬৮৫। দ্বিতীয় স্থানে রয়েছে বেহালা বা এসডব্লুডি ডিভিশন, যেখানে ৫৯৮টি পুজো হচ্ছে। কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড় মণ্ডপগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ভিড় নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের পাশাপাশি রাস্তায় থাকবেন প্রায় ২০ হাজার ভলান্টিয়ার। শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে পুলিশ পিকেট, রেডিও ফ্লাইং স্কোয়াড ও পিসিআর মোবাইল ভ্যান। নজরদারির জন্য থাকছে ৪২টি ওয়াচ টাওয়ার। গঙ্গার ঘাটগুলিতে টহল দেবে পুলিশের লঞ্চ। পাশাপাশি ৩২টি মেট্রো স্টেশনেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
দর্শনার্থীদের জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে পুলিশ অ্যাম্বুল্যান্স ও ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স। নিখোঁজ শিশু ও প্রবীণদের খুঁজতে থাকবে বিশেষ দল। পুজোর ভিড় থেকে বিসর্জন, সর্বত্র নিরাপত্তা বজায় রাখাই এখন কলকাতা পুলিশের প্রধান লক্ষ্য।
