নিউজপোল ব্যুরো: কলকাতার পার্ক স্ট্রিটে দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চে উৎসবের পাশাপাশি উঠে এল রাজনৈতিক বার্তাও। সোমবার রাতে অ্যালেন পার্কে শঙ্কুদেব পণ্ডার আয়োজিত প্রথম দুর্গাপুজোর উদ্বোধন করতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। দুই বিজেপি নেতার উপস্থিতিতে সংস্কৃতি, ঐতিহ্য ও রাষ্ট্রবাদ নিয়ে বক্তব্য ঘিরে নজর কাড়ল এই আয়োজন।
অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতার নাম উল্লেখ করে শুভেন্দু বলেন, “একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির।” এরপর পার্ক স্ট্রিটের প্রসঙ্গ তুলে ‘টুকরে-টুকরে গ্যাংয়ের’ উৎপাত নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে পুজোর পবিত্রতা, সংস্কৃতি ও পরম্পরা বজায় রাখার কথাও। দুর্গোৎসবের ঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা।
অন্যদিকে, সুকান্ত মজুমদার দাবি করেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে ১২ হাজারের বেশি নতুন দুর্গাপুজো শুরু হয়েছে। আগের সরকারের সময়ে পুজো আয়োজনের অনুমতি পেতে হাইকোর্টে যেতে হত বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের মাঝে ‘জয় শ্রীরাম’ স্লোগানও তোলেন সুকান্ত।
শঙ্কুদেবের প্রথম পুজোর উদ্বোধন তাই উৎসবের পাশাপাশি রাজনৈতিক বক্তব্যেরও মঞ্চ হয়ে উঠল।
