নিউজ পোল ব্যুরো: হাইকোর্টের ঠিক পেছনের গুরুত্বপূর্ণ ভবন কলকাতার সিটি সিভিল কোর্টে (City Civil Court) মঙ্গলবার ছড়িয়ে পড়ে তীব্র বোমাতঙ্ক। প্রতিদিনের মতোই এদিনও নিম্ন আদালতে বিচারকাজ চলছিল। সেই সময় হঠাৎই চাঞ্চল্য আদালতের (City Civil Court) প্রধান বিচারকের ই-মেলে আসে বোমা হামলার হুমকি। যদিও ওই মেইলে কোথায় বোমা রাখা হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য ছিল না।
আদালত সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ ওই হুমকি-ইমেলটি পান প্রধান বিচারক। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই গোটা ভবনে (City Civil Court) তল্লাশির নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিকরা। বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর নিয়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। নিরাপত্তার কারণে সিটি সিভিল কোর্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা খালি করে দেওয়া হয়। এর প্রভাব পড়ে লাগোয়া কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) চত্বরেও, সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এখনও পর্যন্ত তদন্ত চলছে এবং হুমকির উৎস খতিয়ে দেখছে পুলিশ।
তবে এই বোমা-হুমকি শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয়। ভোটের মুখে গোটা বাংলাজুড়েই এর ব্যাপ্তি নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। কলকাতা ছাড়াও রাজ্যের প্রায় সব জেলার নিম্ন আদালতে একই ধরনের হুমকি-বার্তা পৌঁছেছে। আসানসোল, হুগলি, বহরমপুর, কাঁথি একাধিক জায়গায় বিচারকদের ই-মেলে লেখা হয়েছে, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে।
আসানসোলের জেলা ও নগর দায়রা আদালতে জেলা জজের কাছেও অচেনা ই-মেল আইডি থেকে আসে হুমকি। সেখানে দাবি করা হয়, দুপুর ১টার মধ্যে আদালত চত্বরে বিস্ফোরণ ঘটানো হবে। যদিও প্রশাসনের প্রাথমিক ধারণা, মেইলটি ভুয়োও হতে পারে। তবুও নিরাপত্তার স্বার্থে বিচারকের নির্দেশে আদালত চত্বর খালি করে শুরু হয় তল্লাশি। পুলিশ ও বম্ব স্কোয়াডের পাশাপাশি সেখানে পৌঁছয় স্নিফার ডগও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা জজ দেবপ্রসাদ নাগ জানান, একটি সংগঠনের নাম ব্যবহার করে এই হুমকি পাঠানো হয়েছে। মেইলটি ভুয়ো হলেও সাধারণ মানুষ, আইনজীবী ও আদালতের কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই ছবি ধরা পড়েছে হুগলি জজ কোর্টেও। সেখানে পাঠানো হুমকি-বার্তায় দাবি করা হয়, দুপুর ১টার সময় আদালত উড়িয়ে দেওয়া হবে এবং দশটি আরডিএক্স রাখা হয়েছে। এই মেসেজ পাওয়ার পরই আদালত চত্বর ফাঁকা করে দিয়ে বাড়ানো হয় নিরাপত্তা, শুরু হয় চিরুনি তল্লাশি।
সব মিলিয়ে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই সমন্বিত হুমকি? একদিকে আসন্ন নির্বাচন, অন্যদিকে ভোটের কাজে বিচারকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সীমান্ত পরিস্থিতি সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে। একযোগে জেলা জুড়ে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে বোমা-হুঁশিয়ারি কি তবে পরিকল্পিত পদক্ষেপ? নির্বাচনের আগে কি বাংলায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে? সীমান্তের ওপার থেকে কোনও সন্ত্রাসী চক্র কি নয়া ছক কষছে? নাকি বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টি করাই এই হুমকির মূল উদ্দেশ্য। এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
