ইন্দ্রনীল-মধুছন্দাকে মুখোমুখি জেরা, একাধিক বিষয়ে মতপার্থক্য! লালবাজারে ফের তলব প্রাক্তন মন্ত্রীর মেয়েকে

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর টিকিট বিক্রিকে কেন্দ্র করে একের পর প্রতারণার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। লালবাজারে সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। যদিও তাঁদের মন্তব্য গড়মিল রয়েছে বলেই দাবি। সেই সূত্র ধরেই তদন্তের পরবর্তী পদক্ষেপ করতে চাইছে কলকাতা পুলিশ।

এদিকে, মঙ্গলবার লালবাজার থানায় হাজিরা থাকার নির্দেশ ছিল ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরী সেনের। অসুস্থতার কারণে সেখানে পৌঁছাতে পারেননি। তাঁকে বুধবার ফের তলব করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, ‘মাস আর্ট’ সংক্রান্ত বিষয়ে মধুছন্দা সেনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। গত শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

অন্যদিকে, নিজের অ্যাকাউন্টে পাওয়া টাকার বিষয়ে ইন্দ্রনীল সেনের দাবি, গান গেয়ে উপার্জন করা অর্থই সেখানে জমা রয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই মামলার তদন্তে আরও সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ। আগে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ন’জন। পাশাপাশি, পর্যটন বিভাগের টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগের সূত্রে ওই দপ্তরের কাছ থেকেও নথি চেয়ে পাঠানো হয়েছে।