নিউজপোল ব্যুরো: হঠাৎ বদলাচ্ছে বাংলার আবহাওয়া। নভেম্বরের শুরুর দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে একদিকে শীতের হালকা আমেজ, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা—দুইয়ের একত্রিত হয়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
এই পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ কখনও পরিষ্কার, আবার কখনও আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই।
তবে সপ্তাহান্তে নামতে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া বেশ মনোরম থাকবে। অনুভূত হতে পারে হালকা শীতের আমেজ।
অন্যদিকে, আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
এদিকে, অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মুরাসু। ক্রমশ শক্তি হারাবে এই আবহাওয়া ব্যবস্থা। আপাতত বঙ্গোপসাগরে নতুন কোনও সক্রিয় সিস্টেমের প্রভাব নেই।
