নৌকায় চেপেও শেষ দর্শন! ঢাক-জয়ধ্বনির মাঝে গঙ্গায় বিসর্জন নৈহাটির বড়মার

রাজ্য

নিউজপোল ব্যুরো:আবারও এক বছরের অপেক্ষা। বৃহস্পতিবার বিকেলে গঙ্গার বুকে মিলিয়ে গেল নৈহাটির বিখ্যাত বড়মার প্রতিমা। প্রিয় দেবীকে বিদায় জানাতে এদিন সকাল থেকেই গঙ্গার ঘাটে ভক্তদের ঢল নামে। শেষবারের মতো বড়মাকে দেখতে কেউ ভিড় জমিয়েছিলেন গঙ্গার পাড়ে, কেউ আবার নৌকায় চেপে পৌঁছে গিয়েছিলেন ঘাটের কাছে। বিসর্জনের মুহূর্তে আবেগে ভাসলেন অসংখ্য ভক্ত। জয়ধ্বনি আর বিষণ্ণ মন নিয়ে বড়মাকে বিদায় জানালেন সকলে।

দুপুর গড়াতেই মণ্ডপ থেকে শুরু হয় বড়মার নিরঞ্জন শোভাযাত্রা। ট্রলিতে চাপিয়ে অরবিন্দ রোড ধরে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। রাস্তার দু’পাশে তখন উপচে পড়া ভিড়। বড়মাকে একঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন অসংখ্য পুণ্যার্থী। ভিড় সামলাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা এলাকায় কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে ১৫০ জনকে শোভাযাত্রায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও পরে সেই সংখ্যা বাড়িয়ে ৩০০ করা হয়। নিয়ম মেনে প্রথমে ঘট বিসর্জন এবং তার পরে প্রতিমা নিরঞ্জন করা হয়।

নিরাপত্তার স্বার্থে এদিন সকাল থেকেই বন্ধ রাখা হয় নৈহাটি-চুঁচুড়া ফেরিঘাট। ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি মোতায়েন ছিল পুলিশ, স্পিডবোট এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বিসর্জন ঘিরে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই বিশেষ ব্যবস্থা প্রশাসনের।

প্রচলিত রীতি মেনেই সবার আগে নিরঞ্জন করা হল বড়মাকে। এবার ফের এক বছরের অপেক্ষা।