এসএসসি দুর্নীতি মামলায় বড় খবর, জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:   এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ফের স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি। ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক। তবে এই জামিনের ক্ষেত্রে একাধিক শর্তও আরোপ করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেই সূত্রেই বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে আদালত চত্বরে পৌঁছলেও শারীরিক অসুস্থতার কারণে দোতলায় উঠতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর পায়ের সমস্যার কথা জানিয়ে আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে মেডিকেল রিপোর্ট জমা দেন। সিঁড়ি দিয়ে ওঠার ক্ষেত্রে অসুবিধার বিষয়টিও আদালতকে জানানো হয়।

জামিনের শর্ত অনুযায়ী, চিকিৎসাজনিত প্রয়োজন ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি, মামলায় চার্জ গঠনের সময় আদালতে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একই ধরনের অপরাধে জড়িত হওয়া এবং কোনও ব্যক্তিকে ভয় দেখানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

ফলে জামিন পেলেও আইনি প্রক্রিয়ার একাধিক বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।