নিউজপোল ব্যুরো:নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধিতে ফের চাপে সাধারণ মানুষ। বাজারে সবজি থেকে শুরু করে রান্নার সামগ্রী, সবকিছুর দাম ক্রমশ বাড়ছে। এরই মধ্যে দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার (Retail Inflation) গত দু’বছরের মধ্যে প্রথমবার ৬ শতাংশের গণ্ডি অতিক্রম করল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশে। যেখানে সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫.৫৪ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই এই পরিস্থিতির অন্যতম কারণ। সেপ্টেম্বর মাসে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবর মাসে তা বেড়ে ৮.৯৪ শতাংশে পৌঁছেছে। এর ফলে বাজার করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসিক খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে পেঁয়াজের দাম প্রায় ১১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রসুনের দাম ৬১ শতাংশ, আদার দাম ৪৮ শতাংশ এবং লেবুর দাম ৪৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে রান্নাঘরের বাজেট সামলানো রীতিমতো কঠিন হয়ে উঠেছে।
দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের বেশি। পুদুচেরিতে সর্বোচ্চ ৭.৯৬ শতাংশ মুদ্রাস্ফীতি নথিভুক্ত হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) লক্ষ্যমাত্রা অনুযায়ী, মুদ্রাস্ফীতি ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকার কথা। কিন্তু এই সীমা অতিক্রম করায় উদ্বেগ বাড়ছে অর্থনৈতিক মহলে। আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কতটা নিয়ন্ত্রণে আসে, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
