বিরোধী দলনেতার আসন নিয়ে টানাপোড়েন, শুভেন্দু-শোভনদেবের ছবি দেখেই প্রশ্ন বিচারপতির

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বাংলার বিধানসভায় বিরোধী দলনেতার পদ ঘিরে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন। স্পিকার ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে উঠে এল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শোভনদেবের হাত ধরার একটি ছবি।

শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও ছবিটি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শোভনদেবের হাত ধরে রয়েছেন। বিচারপতির প্রশ্ন, “মামলাকারী যদি বিরোধী দলনেতা না হন, তাহলে মুখ্যমন্ত্রী তাঁর হাত ধরেছিলেন কেন? এই ছবির ব্যাখ্যা কী?”

এর জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, বিষয়টিকে রাজনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর যুক্তি, বিধানসভার স্পিকারকে চেয়ারে বসানোর সময় শোভনদেবের হাত ধরা ছিল নিছক সৌজন্য। তিনি বিধানসভার প্রবীণতম সদস্য হওয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সৌজন্য দেখিয়েছিলেন। সেই সময় কোনও বিরোধী দলনেতাও ছিলেন না।

উল্লেখ্য, পালাবদলের পর তৃণমূল শোভনদেবকে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, বিক্ষুব্ধ বিধায়কদের প্রস্তাবে ঋতব্রতকে ওই পদে মান্যতা দেন স্পিকার। ফলে আদালতের রায়ের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।