নিউজ পোল ব্যুরো: সম্প্রতি এক জনসভা থেকে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তার বক্তব্যকে মতুয়া সমাজের প্রতি অবমাননাকর ও অসম্মানজনক বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ (All India Matua Maha Sangha) । ইতিমধ্যেই মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মহাসংঘের লিগাল সেল। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ চেয়ে পাঠানো হয়েছে একটি কড়া চিঠিও।

মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশচন্দ্র চৌধুরী সরাসরি অভিযোগ করেছেন, “মহুয়া মৈত্র (Mahua Moitra) বারবার হিন্দু সমাজ এবং মতুয়া সম্প্রদায়ের বিশ্বাসকে অপমান করেছেন। আগেও মা কালীর বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, এবার সরাসরি মতুয়াদের ভোটাভ্যাস নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এটা শুধু মতুয়া নয়, গোটা হিন্দু সমাজের অপমান।”
বিতর্কের সূত্রপাত এক জনসভায় মহুয়া মৈত্রর বক্তব্য ঘিরে, যেখানে তিনি বলেন, “সারা বছর তৃণমূলী (TMC), আর ভোটের সময় সনাতনী! এটা কী অঙ্ক? লক্ষ্মীর ভাণ্ডার পেলে খুশি, রাস্তাঘাট চাইলে মমতা, আর ভোট দিতে গিয়ে কাঠের মালা পরে সবাই চলে আসেন ভাতা নিতে! আমি বাস্তব বলছি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।” এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তা ঘিরে দানা বাঁধে রাজনৈতিক বিতর্ক। বনগাঁয় বের হয় প্রতিবাদ মিছিল। মতুয়া মহাসংঘ হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নেবে।
মতুয়া ভোট যে বাংলার রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর, তা সকলেই জানে। এই প্রেক্ষাপটে মহুয়া মৈত্রর মন্তব্যে দলীয় অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কী পদক্ষেপ নেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
