নিউজ পোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের মহিষাদল কেন্দ্রে প্রার্থী বদল ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপির (BJP) টিকিট না পেয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, এমনকি দল ছাড়ার ইঙ্গিতও দেন। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকালে তাঁর বাড়িতে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ৪৫ মিনিট বৈঠকের পর তিনি (Suvendu Adhikari) বিস্ফোরক অভিযোগ করেন।
আরও পড়ুন:Mamata Banerjee: দুয়ারে চিকিৎসা থেকে প্রবীণদের যত্ন, তৃণমূলের ইস্তেহারে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, মহিষাদল থানার এক পুলিশ আধিকারিক নাকি বিশ্বনাথকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপরই তিনি সরাসরি থানায় গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং তারা সরকারের কর্মচারী, কোনও রাজনৈতিক দলের নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। থানার এক আধিকারিক জানান, শুভেন্দু থানায় এসে কী বলেছেন, সে বিষয়ে তাদের কাছে স্পষ্ট তথ্য নেই।
এর আগে ১৬ মার্চ বিশ্বনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিজেপি এখন ‘কর্পোরেট সংস্থা’র মতো কাজ করছে এবং প্রার্থী নির্বাচনে তার প্রভাব পড়ছে। তবে এদিন শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর সুর নরম করে তিনি জানান, তিনি বিজেপিতেই ছিলেন এবং ভবিষ্যতেও দলেই থাকবেন।
অন্যদিকে, মহিষাদলের তিলক কুমার চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কটাক্ষ করে বলেন, বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ধমক দিয়ে কাউকে আটকানো যাবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
